Advertisement

স্ত্রীকে জানালা ভেঙ্গে বের করে লাফ দিলেন মতলবের ইসমাইল

স্ত্রীকে জানালা ভেঙ্গে বের করে লাফ দিলেন মতলবের ইসমাইল
কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক দম্পতি আহত হয়েছেন। আগুন থেকে বাঁচতে রিসোর্টের জানালা ভেঙে স্ত্রীকে বাইরে বের করে দেন স্বামী ইসমাইল হোসেন মাসুদ। পরে তিনিও জানালা দিয়ে লাফিয়ে বের হন। আহত দম্পতি হলেন ইসমাইল হোসেন মাসুদ (৩০) ও তাঁর স্ত্রী মেহেরুন্নেসা। তাঁদের গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার দক্ষিণ ঠেটালিয়া গ্রামে। ইসমাইল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের কর্মকর্তা। তাঁর স্ত্রী মেহেরুন নেছা প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা। তাঁরা রাজধানীর দক্ষিণখান এলাকায় বসবাস করেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়া উপজেলার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। গগণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার পর রিসোর্ট থেকে বের হওয়ার পথ পাচ্ছিলেন না ইসমাইল ও তাঁর স্ত্রী। এ সময় একটি চেয়ার দিয়ে জানালার কাচ ভেঙে প্রথমে স্ত্রীকে বাইরে বের করে দেন ইসমাইল। পরে নিজেও জানালা দিয়ে লাফ দেন। জানালা দিয়ে বের হওয়ার সময় মেহেরুন্নেসার ডান হাত কেটে যায় এবং বাঁ পায়ের মাংসপেশিতে আঘাত লাগে। অন্যদিকে, নিচে লাফিয়ে পড়ায় ইসমাইল কোমরে আঘাত পান। পরে তাঁদের কক্সবাজার থেকে ঢাকায় নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ইসমাইলকে বাসায় পাঠানো হলেও মেহেরুন্নেসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রিসোর্টটিতে আগুন লাগার কারণ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়টিও সামনে এসেছে।