যশোর রাইটস-এর উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- যশোর
মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র উদ্যোগে, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের চলমান কার্যক্রমের অংশ হিসেবে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে যশোর শহরের শহীদ স্বপন সড়কস্থ ‘প্রশান্তি নিলয়’-এর কনফারেন্স রুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে যশোর জেলার বিভিন্ন এলাকার ২০ জন সারভাইভার লিডার অংশগ্রহণ করেন। সভায় তাঁরা মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরেন।
রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক রাহেনূর ইসলাম এবং ‘আশ্বাস’ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি এবং কেস ম্যানেজার (সোশ্যাল সার্ভিস) কৃষ্ণা রানী সাহা সহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ কুমার রায় বলেন, জীবনের প্রতিকূলতা ও কঠিন অভিজ্ঞতা মানুষকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সাহস জোগায় এবং বাস্তব জীবন সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করে। মানব পাচারের শিকার ব্যক্তিরা নানা প্রতিকূলতা অতিক্রম করে যেভাবে নিজেদের জীবন পুনর্গঠনের চেষ্টা করছেন, তা প্রশংসনীয়। তিনি বলেন, নিজেদের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে সারভাইভার লিডাররা সমাজে মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় পরিচালিত কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং সারভাইভারদের সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সারভাইভার লিডারদের সম্মিলিত প্রচেষ্টা ভবিষ্যতে মানব পাচার প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাহেনূর ইসলাম বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে যথাযথ নিয়মকানুন অনুসরণ, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং বৈধ প্রক্রিয়ায় অভিবাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অসচেতনতা, ভুল তথ্য ও দালালের প্রলোভনে পড়ে অনেকেই মানব পাচারসহ বিভিন্ন ঝুঁকির শিকার হন। এ ধরনের ঝুঁকি এড়াতে বিদেশগামী ব্যক্তিদের সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে সঠিক তথ্য ও পরামর্শ গ্রহণ করতে হবে। তিনি সারভাইভার লিডারদের নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, মানব পাচার প্রতিরোধ এবং পাচারের শিকার ব্যক্তিদের সমাজে পুনঃএকত্রীকরণে সারভাইভারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নিজেরা মানব পাচারের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাঁরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে অন্যদের সচেতন করতে এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে মানুষকে সতর্ক করতে পারেন। তিনি বলেন, সারভাইভার লিডারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব। তিনি সারভাইভার লিডারদের ঐক্যবদ্ধভাবে মানব পাচার প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।
সভায় সারভাইভার লিডারদের মধ্য থেকে বক্তব্য দেন শরীফা ইয়াসমিন, সোনিয়া বেগম, লাভলী বেগম, বেবী নাসরিন, রোকেয়া বেগম, শাহনাজ পারভীন ও ইয়াসিন আরাফাত প্রমূখ । তাঁরা নিজেদের জীবনের অভিজ্ঞতা, প্রতিকূলতা অতিক্রম করে ঘুরে দাঁড়ানোর শিক্ষা এবং মানব পাচার প্রতিরোধে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন।
‘আশ্বাস’ প্রকল্পের চলমান কার্যক্রমের আওতায় আয়োজিত এ সভায় অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সারভাইভার লিডারদের পারস্পরিক সমন্বয় জোরদার, নেতৃত্বের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে মানব পাচার প্রতিরোধে তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কেস ম্যানেজার কৃষ্ণা রানী সাহা।
জনপ্রিয়

















