হেরোইন মামলায় বাবুর যাবজ্জীবন
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- যশোর
যশোরের শার্শায় এক কেজি হেরোইন উদ্ধারের মামলায় আলমগীর হোসেন ওরফে মহি পাগলা ওরফে মহি আলমগীর বাবু ওরফে মহির বাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর শার্শা উপজেলার টেংরালী গ্রামের মৃত কুদ্দুস সর্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৪ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে শার্শা থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমামুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের কাজীরবেড় মোড়ের যাত্রীছাউনির সামনে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমগীর পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
পরে তাঁর শরীর ও সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং ব্যাগে থাকা ১০টি প্যাকেট থেকে মোট ১ কেজি হেরোইন উদ্ধার করা হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় আলমগীরের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেন এএসআই ইমামুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন উপপরিদর্শক (এসআই) সুজাত আলী।
মাদক মামলায় আলমগীরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে একই ঘটনায় করা অস্ত্র আইনের মামলাটির রায় এখনো হয়নি বলে জানা গেছে।
জনপ্রিয়

















