সামরিক বাহিনীর দাবি, অভিযানে হুতির ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গোষ্ঠীটির সেনা সমাবেশ, রসদ ও অতিরিক্ত সেনা পাঠানোর পথ, প্রতিরক্ষাব্যবস্থা এবং সরবরাহ রুট লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।
আল-নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, স্থলভিত্তিক গোলন্দাজ বাহিনী, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। এতে হুতির গোলাবর্ষণের অবস্থান ও সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র এবং শাবওয়া প্রদেশেও গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। সামরিক মুখপাত্রের ভাষ্য, এসব অভিযানের মাধ্যমে হুতির চলাচল সীমিত করা হয়েছে, যাতে তারা পুনরায় সংগঠিত হতে কিংবা অতিরিক্ত সেনা মোতায়েন করতে না পারে।
পশ্চিম উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছেও হুতির অগ্রযাত্রা প্রতিহত করার দাবি করেছে সরকারি বাহিনী। আল-নুজাইলি বলেন, সেখানে হুতিদের সেনা সমাবেশের এলাকা ও গোলাবর্ষণের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।তিনি আরো দাবি করেন, সর্বশেষ অভিযানে হুতিদের ৫৫৮ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে মাঠপর্যায়ের কমান্ডাররাও রয়েছেন। বেসামরিক মানুষের নিরাপত্তা ও অবকাঠামো সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আল-নুজাইলি।


















