Advertisement

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক আলোচনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা হবে। চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের খাতা দেখার অগ্রগতির ওপর নির্ভর করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট।

তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে ওই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এবং শেষ হয় গত ৯ সেপ্টেম্বর।

যেভাবে দেখা যাবে ফল

ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে ‘Result’ অপশনে যেতে হবে। সেখানে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। একই সঙ্গে মার্কশিটও ডাউনলোড করা যাবে।

এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।