Advertisement

সৌদির দাম্মাম বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৩

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সৌদির দাম্মাম বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৩

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দাম্মাম বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় তিনজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার (২১ অক্টোবর) দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুইজন নিহত এবং অন্তত আটজন আহত হন বলে বৃহস্পতিবার ভোরে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

পৃথক এক ঘটনায়, দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায় যে সৌদি আরামকোর ‘শাইবাহ’ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ স্থাপনা লক্ষ্য করে আসা ড্রোন আকাশেই ভূপাতিত করা হয়। ড্রোনের ধ্বংসাবশেষ নিচে খসে পড়লে অন্তত দুইজন নিহত ও অন্য দুইজন আহত হন। জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে একজন ফিলিপিনো ও একজন নেপালি নাগরিক রয়েছেন।

এ ঘটনায় আহতদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। ড্রোন হামলায় তেলক্ষেত্রের বাইরে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ট্রাকে আগুন ধরে গেলেও তেলক্ষেত্রের মূল কাজকর্ম স্বাভাবিক রয়েছে।

ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধারে সক্রিয় যৌথ জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, বুধবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং পবিত্র মদিনা এলাকাকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া অন্তত সাতটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। সূত্র: আরব নিউজ