ভোলা-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তার মতে, শেখ হাসিনার ফিরে আসার মতো রাজনৈতিক প্রেক্ষাপট এখনো বাংলাদেশে তৈরি হয়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ভোলা সদর আসনের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে ব্যাংকের হাট বাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পার্থ।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তা সময় বলে দেবে। আমার মতে, এখনো বাংলাদেশে সেই রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হয়নি। তিনি পুনরায় বাংলাদেশে প্রবেশের কথা বলছেন, তবে আমার মনে হয়, ২০২৪ সালের সেই ট্রমা ও অত্যাচার থেকে বাংলাদেশ এখনো পুরোপুরি বের হতে পারেনি। সে ক্ষেত্রে আমার মনে হয় না, বিষয়টি এখন বাস্তবসম্মত।
আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার প্রসঙ্গে পার্থ বলেন, দলটিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও জনগণের মনোভাব বিবেচনায় নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। বিশেষ করে জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জুলাইকে স্বীকার করতে হবে, এ বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং সংশ্লিষ্টদের বিচারের বিষয়টিও সামনে আসতে হবে। এরপর আওয়ামী লীগকে রাজনীতিতে জনগণ কতটা সুযোগ দেবে, তা সময়ই বলে দেবে।
আওয়ামী লীগের রাজনৈতি প্রসঙ্গে পার্থ আরও বলেন, গত ১৭ বছরে দলটির তৈরি করা রাজনৈতিক বয়ান এবং ২০২৪ সালের ঘটনাপ্রবাহ তরুণ প্রজন্ম প্রত্যক্ষ করেছে। ১৫ থেকে ৩৫ বছর বয়সী অনেকেই রাজপথে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার সঙ্গে যুক্ত ছিল। ফলে শুধু নতুন বয়ান তৈরি করে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিকভাবে ফিরে আসা কঠিন হবে বলে তিনি মনে করেন।


















