Advertisement

বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে, স্ক্রিনশট ফাঁস

বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে, স্ক্রিনশট ফাঁস

কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের বিরুদ্ধে জায়গা দখলকে কেন্দ্র করে দোকানপাট, বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় প্রতিপক্ষের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। কথিত ঘুষ লেনদেনের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৩ অক্টোবর শনিবার সকাল ১১টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে পৌর শহরের কমলপুর এলাকায় মনির কন্ট্রাক্টরের বাড়ি ও দোকানপাট দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে প্রতিপক্ষ মুর্শেদ মিয়ার লোকজনের বিরুদ্ধে। খবর পেয়ে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও হাবিবুর রহমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে থানায় যোগাযোগ করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও রহস্যজনকভাবে রাস্তার এক পাশে দাঁড়িয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, পুলিশ যাতে ঘটনাস্থলে গিয়ে হামলায় বাধা না দেয়, সে জন্য প্রতিপক্ষ মুর্শেদ মিয়ার পক্ষ থেকে ওসির সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ওই দিন বিকেল ৪টা ১২ মিনিটে মুর্শেদ মিয়ার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ওসি মাহবুবুর রহমানের ব্যক্তিগত বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা পাঠানো হয় বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে লেনদেনের ট্রানজেকশন পরিচিতি হিসেবে ডিজে৩২সিপিবি৪০কিউ উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়া জানান, সর্বস্ব হারিয়ে তারা থানায় মামলা করতে গেলে ওসি মামলা নিতে অস্বীকৃতি জানান। প্রায় এক সপ্তাহ থানায় ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত বিচার চেয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা করতে বাধ্য হন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এই নম্বরে আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকলেও কোনো লেনদেন করা হয়নি। গত ৩ অক্টোবর আমার নম্বরে কে বা কারা টাকা পাঠিয়েছে, তা আমি এখনো দেখিনি। আমার বিরুদ্ধে আনীত ঘুষের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ জানান, বিকাশে টাকা লেনদেনের বিষয়টি তারা শুনেছেন।  নির্দিষ্ট অভিযোগ পেলে বিকাশ কল সেন্টার থেকে আনুষ্ঠানিক স্টেটমেন্ট এনে বিষয়টি যাচাইবাছাই করা হবে। তদন্তে ওসির নম্বরে ঘুষের টাকা লেনদেনের প্রমাণ মিললে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে  জানান তিনি।

Advertisement
আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন রোটারিয়ান নাজমুল হাসান

আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন রোটারিয়ান নাজমুল হাসান