Advertisement

যশোরে ফুলকুঁড়ি আসরের শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ

যশোরে ফুলকুঁড়ি আসরের শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ

যশোরে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুকিশোর সমাবেশ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা ও গানসহ পাঁচটি বিভাগে বিজয়ী ৭০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

ফুলকুঁড়ি আসর যশোর শাখার সহসভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন ও যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিশু-কিশোরদের সৎ, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত। তাদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে উপযুক্ত নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি নৈতিক শিক্ষার চর্চা বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর যশোরের পরিচালক মহিবুল্লাহ হোসেন, সংগঠনের অন্যান্য সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।