মনিরামপুরে বৃদ্ধের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, শার্শায় অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
- শার্শা, যশোর
যশোরের মনিরামপুরে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, শার্শায় অতিরিক্ত মদ্যপানে আশা মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে মনিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকা থেকে রঞ্জন মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে সেখানে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তাঁরা সেটি খুলে ভেতরে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ জানান, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি কেশবপুর উপজেলার বাসিন্দা। কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
অন্যদিকে, শনিবার সকালে জেলার শার্শা উপজেলার ইসলামপুর গ্রামে অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন আশা মিয়া। তিনি ওই গ্রামের লালটু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় তাঁর মা সাজেদা বেগম প্রথমে তাঁকে নাভারণ বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাহুল দেব ঘোষ তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জনপ্রিয়

















