Advertisement

গভীর রাতে খালি গায়ে হাসপাতালে বড়বাবুর কাণ্ড

গভীর রাতে খালি গায়ে হাসপাতালে বড়বাবুর কাণ্ড
সরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ অফিশিয়াল নথিপত্র যেখানে সুরক্ষিত থাকার কথা, সেখানে গভীর রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে সম্পূর্ণ অপেশাদার ও আপত্তিকর অবস্থায় কাজ করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী(অতিরিক্ত দায়িত্ব) বাবুল হোসেনের (বড়বাবু) বিরুদ্ধে। গতকাল রবিবার (১লা নভেম্বর) রাত ১০ টার দিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ব্লকের একটি কক্ষের ভেতরের এমন একটি চিত্র প্রকাশ্যে এলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, নির্ধারিত কর্মঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও গভীর রাতে হাসপাতালের বড়বাবু তার কক্ষে কাজ করছিলেন। তবে ঘরের দরজা ও জানালা ভেতর থেকে সম্পূর্ণ বন্ধ ছিল। বাইরে থেকে উঁকি দিয়ে দেখা যায়, তিনি গায়ে কোনো পোশাক না রেখে (খালি গায়ে) চেয়ারে বসে সরকারি ফাইলে স্বাক্ষর করছেন। শুধু তাই নয়, তার কাজের টেবিলের ওপরেই রাখা ছিল সিগারেটের প্যাকেট ও লাইটার, যা সরকারি দপ্তরে সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি দপ্তরে গভীর রাতে একা দরজা বন্ধ করে কাজ করা এবং পোশাক ও আচরণের এমন চরম অবহেলা নিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, গভীর রাতে দরজা বন্ধ করে ফাইলে এমন কী কাজ হচ্ছিল যা খালি গায়ে এবং ধূমপানের আমেজে করতে হবে? কোনো গোপন নথি জালিয়াতি বা অনৈতিক লেনদেনের উদ্দেশ্যে এই নৈশকালীন বৈঠকের আয়োজন কি না, তা নিয়ে সন্দেহ জোরালো হচ্ছে। তবে এবিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী(অতিরিক্ত দায়িত্ব) বাবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালে অডিট হবে কাজের খুব চাপ তাই রাতে ফাইল গুলো সাজিয়ে নিচ্ছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাকে জানিয়ে রাতের বেলা অফিসে কাজ করছি। খালি গায়ে ও টেবিলের উপর সিগারেটের প্যাকেট রাখা বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একে এম শাহীনুর রহমান এ বিষয়ে অবগত কি না জানতে চাইলে তিনি জানান, “বিষয়টি আমি অবগত নয়, আপনার মাধ্যমে জানলাম। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।” এবিষয়ে জেলা সিভিল সার্জন কর্মকর্তা আনিসুর রহমান মুঠো ফোনে জানান, এমন খবর পেয়েছি, ইতিমধ্যেই তাকে সতর্ক করা হয়েছে। তবে অফিসের দাপ্তরিক কাজে খালি গায়ে ও টেবিলের উপর সিগারেটের প্যাকেট রাখা বিষয়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য যে,এর আগেও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী(অতিরিক্ত দায়িত্ব) বাবুল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অসদাচরণ ও নানা অভিযোগের বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের কার্যত কোনো ব্যবস্থা চোখে পড়ে নি। এনিয়ে হাসপাতালে কর্মরত স্টাফদের মাঝে নানা ধরনের আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
Advertisement
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু