দখলদার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের এবারের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি বেশি এমন তথ্য জানিয়ে নিজ দলের ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা রাত ১০টা পর্যন্ত চলবে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলও জানিয়েছে, গত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের ভোটকেন্দ্র আরবদের উপস্থিতি বেশি।
নিজে ভোট দেওয়ার পর যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহু তার দল লিকুদের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তারা (আরবরা) আমাদের কাছ থেকে নির্বাচন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। নেতানিয়াহু মূলত আরব দল রা’মের তিন সদস্যের বিষয়টি এখানে উল্লেখ করেছেন। যারা ভোটারদের টাকা দিতে গিয়ে আটক হয়েছেন। তিনি বলেন, বিষয়টি গুরুতর। এটি অপরাধ। তারা (টাকা নিয়ে) সব মানুষের কাছে যাবে। আপনাদের সতর্ক করা হচ্ছে।
নেতানিয়াহু আরও বলেন, “নেগেভে ইহুদিদের চেয়ে আরব ভোটারদের উপস্থিতি বেশি। আপনাদেরও (ইহুদিদের) বের হতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে। সমুদ্র সৈকতে নয়, কোনো বারবিকিউ পার্টি নয়। সবাই লিকুদকে ভোট দিতে বের হন।
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন হয় পিআর পদ্ধতিতে। যেখানে ভোটাররা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ভোট দেন না। তারা ভোট দেন দলকে। এরপর যে দল সর্বোচ্চ ভোট পায় তারা পার্লামেন্টে সে অনুপাতে আসন পেয়ে থাকে। ফলে আরবরা যদি আরব দলগুলোকে বেশি ভোট দেয় তাহলে তারা পার্লামেন্টে বেশি আসন পাবে। আর এমন শঙ্কা থেকে নেতানিয়াহু ইহুদিদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল


















