Advertisement

চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, চট্টগ্রাম ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রামের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য রোড-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়ি মোড়ে সচেতনতামূলক বর্ণাঢ্য রোড-শোর আয়োজন করা হয়। এতে চালক, পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, যাত্রী, পথচারীসহ সড়ক পরিবহন ও নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। রোড-শোর মাধ্যমে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, সড়ক ও জনপথ অধিদপ্তর, চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঁঞা এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভায় সড়ক নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সড়ক পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের ভূমিকা, দায়িত্ব ও কর্তব্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে চট্টগ্রামের চারজন নির্বাচিত দক্ষ চালককে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করে স্বীকৃতি ও সম্মাননা জানানো হয়। দক্ষ চালকদের এ সম্মাননা সড়কে দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং নিরাপদ পরিবহনব্যবস্থা গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
Advertisement
রাত পোহালেই ভোট, ১৮৫ টি কেন্দ্রের ১১৫টিই ঝুকিপূর্ণ, নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-১৩

রাত পোহালেই ভোট, ১৮৫ টি কেন্দ্রের ১১৫টিই ঝুকিপূর্ণ, নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-১৩