Advertisement

অসুস্থতা ও দারিদ্র্য থেকে মুক্তির জন্য যে দোয়া শিখিয়েছেন রাসুল (সা.)

অসুস্থতা ও দারিদ্র্য থেকে মুক্তির জন্য যে দোয়া শিখিয়েছেন রাসুল (সা.)
মানুষের জীবনে দারিদ্র্য ও অসুস্থতা সবচেয়ে কষ্টকর বিষয়। এমন কষ্ট পেলে আল্লাহর ওপর ভরসা রাখা এবং তাঁর প্রশংসা করা মুমিনের গুরুত্বপূর্ণ শিক্ষা। এ ধরনের কষ্টকর পরিস্থিতি থেকে বাঁচতে রাসুল (সা.) একটি দোয়া শিখিয়েছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে হাঁটছিলাম। এমন সময় আনসারদের এক ব্যক্তি তাঁর সামনে এলেন। লোকটির পোশাক ও অবস্থা ছিল জীর্ণ-শীর্ণ। তিনি অসুস্থতাতেও ভুগছিলেন। রাসুলুল্লাহ (সা.) তাঁকে জিজ্ঞেস করলেন, ‘হে অমুক, কী কারণে তোমার এমন অবস্থা হয়েছে?’ লোকটি বললেন, ‘দারিদ্র্য ও অসুস্থতার কারণে।’ 

তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব, যা বললে তোমার দারিদ্র্য ও অসুস্থতা দূর হয়ে যাবে?’ লোকটি বললেন, ‘আপনার সঙ্গে বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার বিনিময়েও আমি তা পেতে চাই না।’ আবু হুরায়রা (রা.) বলেন, আমি তখন বললাম, ‘হে আল্লাহর রাসুল, আমাকে সেই বাক্যগুলো শিখিয়ে দিন।

’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তুমি (নিম্নে উল্লিখিত দোয়াটি) বলো।’আবু হুরায়রা (রা.) বলেন, কয়েক দিন পর রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে আমার দেখা হলো। তিনি আমার অবস্থা ভালো দেখে জিজ্ঞেস করলেন, ‘হে আবু হুরায়রা, তোমার এই সুন্দর অবস্থার কারণ কী?’ আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল, আপনি আমাকে যে বাক্যগুলো শিখিয়েছেন, তা শেখার পর থেকে আমি নিয়মিত বলে আসছি।’ (তাবারানি, হাদিস নং : ১০৪৫)

মূল আরবি দোয়া :

تَوَكَّلْتُ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا

বাংলা উচ্চারণ : 

তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযি লা ইয়ামূতু, ওয়ালহামদু লিল্লাহিল্লাযি লাম ইয়াত্তাখিয ওয়ালাদাওঁ, ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনায যুল্লি, ওয়া কাব্বিরহু তাকবীরা।

বাংলা অর্থ : 

আমি এমন চিরঞ্জীব সত্তার ওপর ভরসা করলাম, যিনি কখনো মৃত্যুবরণ করেন না।

সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তাঁর কোনো অংশীদার নেই এবং দুর্বলতা থেকে রক্ষার জন্য তাঁর কোনো অভিভাবকের প্রয়োজন নেই। আর তুমি তাঁর বড়ত্ব যথাযথভাবে ঘোষণা করো।

আরেক হাদিসে এসেছে—

ما كَرَبَني أمرٌ إلَّا تمثَّل لي جبريلُ فقال يا محمَّدُ قُلْ توكَّلتُ على الحيِّ الَّذي لا يموتُ والحمدُ للهِ الَّذي لم يتَّخِذْ ولدًا ولم يكُنْ له شريكٌ في الملكِ ولم يكُنْ له وليٌّ من الذُّلِّ وكبِّرْه تكبيرًا

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যখনই কোনো বিষয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছি, তখনই জিবরাইল আমার সামনে উপস্থিত হয়ে বলেছেন, হে মুহাম্মদ! আপনি বলুন, ‘আমি এমন চিরঞ্জীব সত্তার ওপর ভরসা করলাম, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তাঁর কোনো অংশীদার নেই এবং দুর্বলতা থেকে রক্ষার জন্য তাঁর কোনো অভিভাবকের প্রয়োজন নেই। আর তাঁর বড়ত্ব যথাযথভাবে ঘোষণা করুন।’ (আত-তারগিব ওয়াত-তারহিব, হাদিস নং : ৫৯)

হাদিসের শিক্ষা : 

এ বর্ণনায় আল্লাহর ওপর নির্ভর করা, তাঁর প্রশংসা করা এবং তাঁর বড়ত্ব ঘোষণা করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিপদ-আপদ ও অভাব-অনটনের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং তাঁর ওপর ভরসা রাখা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা।