প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তার এক হওয়ার বিষয়ে ‘আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত বক্তব্য অসত্য। তিনি দাবি করেছেন, ওই মিথ্যা ন্যারেটিভের প্রতিবাদ জানাতেই তিনি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন।
রবিবার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
পোস্টে তিনি বলেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি জেল খেটেছেন। তার কোনো বক্তব্য অপছন্দ হলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন। এমন সমালোচনাকে তিনি স্বাগত জানাবেন।
তবে ‘আমার দেশ’ পত্রিকা তাকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না বলে মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানেরও তাকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ করার অধিকার নেই।
রাশেদ খানের দাবি, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য সামনে আনার পর পাল্টা ন্যারেটিভ হিসেবে তার সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কের বিষয়টি সামনে আনা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযোগটি জামায়াত বা দলটির কোনো নেতা করলে তিনি রাজনৈতিক ভাষায় জবাব দিতেন। কিন্তু তার অভিযোগ, জামায়াত ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে। সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি এর রাজনৈতিক প্রতিবাদ জানিয়েছেন।
‘আমার দেশ’ পত্রিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, তার কাছে এটি কোনো পত্রিকা নয়; বরং জামায়াতের পক্ষে ন্যারেটিভ তৈরির একটি হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হননের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও দাবি করেন, একটি সংবাদপত্রের সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা উচিত, কিন্তু ‘আমার দেশ’ সেসব নীতিমালা অনুসরণ করছে না।

















