Advertisement

হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চিঠি

হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চিঠি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে শেখ হাসিনার বিষয়ে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি বিডি মামলা নং-০২/২০২৫) মামলায় শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। সেই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে বিলি-বণ্টনের আদেশ দেন ট্রাইব্যুনাল। রায়ে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এই স্মারকে বলা হয়, অবিলম্বে দণ্ডিত আসামি শেখ হাসিনার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া না হলে তিনি যেকোনো সময় এসব সম্পত্তি ভোগ, বিক্রি বা অন্যভাবে হস্তান্তর করতে পারেন। এতে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তসংক্রান্ত রায় ও আদেশ নিষ্ফল হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় শেখ হাসিনার সব স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়।

সেই সঙ্গে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে এসব সম্পত্তি বিলি-বণ্টনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নেও অনুরূপ স্মারক পাঠানো হয়েছে।