ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বরের অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সেনানিবাসে বন্দি হন। ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি বন্দিদশা থেকে মুক্ত হন।
বক্তারা আরও বলেন- ১৯৭৫ সালের ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বিরাজ করছিল। এমন সংকটময় পরিস্থিতিতে ৭ নভেম্বরের ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিপাহি ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এ দিনটি জাতীয় সংহতি ও দেশপ্রেমের ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে রয়েছে।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


















