ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমন
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
- ঠাকুরগাঁও
যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেয়েছেন অরাজনৈতিক, পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অক্সিজেনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোজাহেদুর ইসলাম ইমন।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, ঠাকুরগাঁও আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক।
সমাজসেবা, যুব কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারকে ইমনকে যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ের শ্রেষ্ঠ যুব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
২০১৭ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত অক্সিজেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। সংগঠনটির বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা সৃষ্টি, গণ-পাঠাগারের মাধ্যমে জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণ, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা।
অক্সিজেনের কার্যক্রমের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে পরিবেশ ও মানবিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি তরুণদের সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন ইমন। তাঁর নেতৃত্বে সংগঠনটি প্রকৃতি সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
এই অর্জন প্রসঙ্গে ইমন জানান, সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি এ অর্জনকে অক্সিজেনের সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখেন।
তিনি মনে করেন, তরুণদের সৃজনশীলতা, উদ্যোগ ও মানবিক মূল্যবোধকে কাজে লাগানো গেলে পরিবেশ সংরক্ষণ, শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নে টেকসই পরিবর্তন আনা সম্ভব।
ব্যক্তিগত অর্জনকে বৃহত্তর সামাজিক দায়বদ্ধতায় রূপান্তরিত করে প্রকৃতি ও মানুষের কল্যাণে কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন অক্সিজেনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোজাহেদুর ইসলাম ইমন।
জনপ্রিয়


















