ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ফোনে অবৈধভাবে আড়িপাতার অভিযোগে দেশটির তিন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের সদ্য নিয়োগ পাওয়া ও সাবেক চিফ অব স্টাফ লিস্তিও সিগিত প্রবোবো।
মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। অভিযোগ, ২০২৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রেসিডেন্ট, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে অবৈধভাবে আড়ি পেতেছিলেন ওই কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তারা গত মাসে আড়িপাতার তথ্যপ্রমাণ মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। যাতে তাদের কর্মকাণ্ডের কোনো চিহ্ন না থাকে, সে জন্যই এ চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো রাষ্ট্রদ্রোহের প্রমাণ বা সুনির্দিষ্ট উদ্দেশ্য খুঁজে পায়নি সরকার। দেশটির জ্যেষ্ঠ আইনবিষয়ক মন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্রা জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এমনিতেই চাপে রয়েছেন। বিভিন্ন নীতির কারণে তার জনপ্রিয়তা কমছে। পাশাপাশি শেয়ারবাজারে দরপতন ও মুদ্রার অবমূল্যায়নের কারণে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতেও চ্যালেঞ্জের মুখে পড়েছে তার সরকার। সূত্র: রয়টার্স


















