মৌলভীবাজারে ছিনতাইয়ের ঘটনায় ৪ ছাত্রদল নেতার বহিস্কারাদেশ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৫৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
- মৌলভীবাজার
মৌলভীবাজার সদর উপজেলায় পিকআপসহ মহিষ ডাকাতি এবং কুলাউড়ায় উপজেলায় মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের পৃথক দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা তাঁদের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, কুলাউড়া পৌর শাখার সদস্য সুজন আরিয়ান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান খান এবং সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৯ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় পুলিশ পরিচয়ে মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভিসহ ৫ জনকে গ্রেপ্তার করে। এছাড়া গত ১ নভেম্বর কুলাউড়া উপজেলার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় কুলাউড়া পৌর ও কলেজ শাখার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে ছাত্রদল নেতাদের নাম জড়িত থাকায় এবং গ্রেপ্তারের পর দেশজুড়ে আলোচনা শুরু হলে জেলা ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন।
জনপ্রিয়


















