ইউপি চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের গণসংযোগ ও লিফলেট বিতরণ
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- রাজবাড়ী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগর শাখার সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম।
শুক্রবার আছর বাদ থেকে সন্ধ্যা পর্যন্ত বালিয়াকান্দি বাজার, মসজিদ মার্কেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি দোকানদার, পথচারী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বলেন, “আমি নির্বাচনকে ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার সুযোগ হিসেবে দেখি। বালিয়াকান্দি সদর ইউনিয়ন আমার জন্মস্থান, এই মাটির মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না হয়রানি। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে উন্নয়ন, শান্তি ও মানবিক একটি ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য। আমি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে এই পথ চলতে চাই।”
গণসংযোগ শেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।
জনপ্রিয়

















